রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে ৭ চোখে ফিরল আলোর আশা


আলমগীর মানিক    |    ০১:১৪ পিএম, ২০২৬-০৮-২০

রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে ৭ চোখে ফিরল আলোর আশা

আলমগীর মানিক

রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে ৭টি চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার মধ্যেও বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিমের নিরলস প্রচেষ্টায় প্রান্তিক ও অসচ্ছল রোগীদের চোখের চিকিৎসায় নতুন আশার সঞ্চার হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা এবং সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসার সার্বিক নির্দেশনায় সম্প্রতি বেশ কয়েকজন রোগীর সফল ছানি অপারেশন করা হয়েছে। এর ধারাবাহিকতায় একদিনে আরও ৭টি ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারি বাজেট, সরবরাহ ও বরাদ্দের নানা সীমাবদ্ধতার মধ্যেও সাধারণ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে একজন বিশেষজ্ঞ চক্ষু সার্জন একাই অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এ সেবা চালিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গে পুরো মেডিকেল টিমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মতে, সময়োপযোগী এই মানবিক সহযোগিতার ফলে চক্ষু চিকিৎসাসেবা আরও গতিশীল হয়েছে।

একইসঙ্গে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসার আন্তরিকতা ও ব্যবস্থাপনারও প্রশংসা করা হয়েছে। প্রয়োজনীয় রিএজেন্ট ও সরঞ্জাম সংগ্রহসহ নানা প্রতিকূলতার মধ্যেও সেবাটি চালু রাখতে তিনি অব্যাহতভাবে উদ্যোগ নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে পাহাড়ের দুর্গম ও প্রান্তিক এলাকার অসচ্ছল রোগীদের জন্য এই সেবা নিয়মিত চালু রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর করে অনেক সময় প্রয়োজনীয় রিএজেন্ট ও সরঞ্জাম সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। রোগীদের কাছ থেকে সামান্য খরচ নেওয়ার মাধ্যমে কিছুটা ব্যবস্থা করা সম্ভব হলেও অসহায় মানুষের পক্ষে সেই ব্যয় বহন করাও অনেক সময় সম্ভব হয় না।

এ কারণে সমাজের বিত্তবান, দানশীল ও গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মতে, মানুষের সামান্য আর্থিক সহযোগিতাও একজন অসহায় রোগীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, “আসুন, যার যার অবস্থান থেকে মানবসেবায় হাত বাড়িয়ে দিই এবং একটি সুস্থ ও আলোকময় সমাজ গড়ে তুলি।”

হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে রাঙামাটি জেনারেল হাসপাতালে ছানি অপারেশনসহ চক্ষু চিকিৎসাসেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে। এতে পার্বত্য অঞ্চলের শত শত প্রান্তিক ও অসচ্ছল মানুষ বিনামূল্যে বা স্বল্প খরচে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

একটি ছোট্ট সহযোগিতা হয়তো একজন মানুষের চোখে ফিরিয়ে দিতে পারে পৃথিবীর আলো। সেই মানুষটি যখন আবার নিজের চোখে দেখবেন প্রিয়জন, প্রকৃতি আর এই পৃথিবীর অপার্থিব সৌন্দর্য; তখন তাঁর সেই আনন্দের অনুভূতির অংশীদার হওয়ার চেয়ে বড় মানবিক অর্জন আর কী হতে পারে!